ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে, যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ।
মূলত হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়া এবং ইরানে মার্কিন স্থল অভিযানের আশঙ্কার খবর এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এর প্রভাবে এশিয়ার শেয়ার বাজারগুলোতে বড় ধরনের ধস নেমেছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুতির হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৬ এপ্রিলের মধ্যে সমুদ্রপথের নিয়ন্ত্রণ না ছাড়লে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন।
বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলের দাম আরও বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে।